
নাইজেরিয়ায় সক্রিয় আইএস জঙ্গিদের ঘাঁটিতে একাধিক প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী এমনই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর সরাসরি নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস-ঘনিষ্ঠ জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পোস্টে তিনি লেখেন, “আমার নির্দেশে আমেরিকান বাহিনী আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ও নিখুঁত আঘাত হেনেছে। মৃত জঙ্গিদের উদ্দেশে বলছি মেরি ক্রিসমাস।” তাঁর দাবি, এই জঙ্গিরা দীর্ঘদিন ধরে খ্রিস্টান সম্প্রদায়ের নিরীহ মানুষদের উপর লাগাতার হামলা চালাচ্ছিল।
হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, নাইজেরিয়ায় সাম্প্রতিক হিংসার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যা বহু দশক ধরে দেখা যায়নি। ট্রাম্প আরও বলেন, তিনি আগেই জঙ্গিদের সতর্ক করেছিলেন যে খ্রিস্টানদের উপর হামলা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, “আমি তাদের জানিয়েছিলাম এর ভয়াবহ পরিণতি হবে এটাই তার ফল।”
প্রেসিডেন্টের দাবি, অভিযানে একাধিক ‘নিখুঁত’ বিমান হামলা চালানো হয়েছে, যা মার্কিন সেনাবাহিনীর সামরিক ক্ষমতার স্পষ্ট প্রমাণ। পেন্টাগনকে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের আর কোনও বাহিনীর পক্ষে এমন নির্ভুল আঘাত হানা সম্ভব নয়।
এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প তাঁর প্রশাসনের সন্ত্রাসবিরোধী অবস্থানও স্পষ্ট করেন। তিনি লেখেন, “আমার নেতৃত্বে আমেরিকা কখনও উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।” পোস্টের শেষে তিনি মার্কিন সেনাদের অভিনন্দন জানিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই আইএস-ঘনিষ্ঠ গোষ্ঠী ও বোকো হারামের মতো জঙ্গি সংগঠনের তৎপরতা চলছে। সম্প্রতি আমেরিকা নাইজেরিয়াকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ‘বিশেষ উদ্বেগজনক দেশ’ হিসেবে চিহ্নিত করেছে, যা এই সামরিক পদক্ষেপকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
