
নতুন বছর শুরুর আগেই রাজনীতির নতুন পথে হাঁটলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলবদলের ঘোষণা করেন পার্নো। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্নো মিত্র জানান, এই দিনটি তাঁর কাছে বিশেষ। তিনি বলেন, “গতকাল বড়দিন গিয়েছে, আজ আমার কাছে আরেকটা বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথচলা শুরু করলাম। দিদির সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি এগিয়ে যেতে চাই।”
নিজের পুরনো সিদ্ধান্ত নিয়ে অকপট স্বীকারোক্তিও করেন অভিনেত্রী। পার্নোর কথায়, “প্রায় ছয় বছর আগে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। ভেবেছিলাম বিষয়গুলো অন্যভাবে এগোবে, কিন্তু বাস্তবে তা হয়নি। মানুষ ভুল করেই থাকে, আর সেই ভুল শুধরে নিতেই আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”
উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো মিত্র। পরে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবেও লড়াই করেন তিনি। সেই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তাপস রায়। সময়ের সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলেছে। বর্তমানে বরানগরের দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই গেরুয়া শিবিরে অসন্তুষ্ট ছিলেন পার্নো। ঘনিষ্ঠ মহলে সেই কথা তিনি জানিয়েছিলেন বলেও জানা যায়। শেষ পর্যন্ত সেই অসন্তোষই দলবদলের সিদ্ধান্তে পৌঁছে দেয় অভিনেত্রীকে।
তৃণমূল কংগ্রেসে পার্নো মিত্রের যোগদান রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই দলবদল যে তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
