
বছর শেষের মুখে গ্রাহকদের জন্য বড় চমক দিল দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। যেখানে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার মতো বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, ঠিক সেখানেই তুলনামূলক কম দামে আরও বেশি সুবিধা নিয়ে নিউ ইয়ার স্পেশাল রিচার্জ প্ল্যান চালু করল বিএসএনএল। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে সংস্থার তরফে এই নতুন অফারের কথা জানানো হয়েছে।
এই নিউ ইয়ার প্ল্যানের মূল আকর্ষণ, এক রিচার্জেই মিলবে ডেটা, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। মাত্র ২৫১ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন ১০০ জিবি হাই-স্পিড ডেটা, ৩০ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস। পাশাপাশি থাকছে প্রায় ৪০০টি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা। এখানেই শেষ নয়, এই একই রিচার্জে জিয়োহটস্টার (JioHotstar), সোনিলিভ (SonyLIV) সহ মোট ২৩টি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে, ফলে আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার আর প্রয়োজন পড়বে না।
এছাড়াও বিএসএনএল আরও কয়েকটি আকর্ষণীয় ডেটা প্ল্যান ঘোষণা করেছে। ২২৫ টাকার রিচার্জে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। ৩৪৭ টাকা ও ৪৮৫ টাকার প্ল্যানে মিলবে দৈনিক ২.৫ জিবি ডেটা। দীর্ঘমেয়াদি গ্রাহকদের জন্য রয়েছে ২৩৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান, যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা থাকছে।
তবে মনে রাখতে হবে, এই নিউ ইয়ার স্পেশাল অফারটি সীমিত সময়ের জন্য। বিএসএনএলের এই বিশেষ প্ল্যানগুলির সুবিধা পাওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্তই। নতুন বছরে কম খরচে বেশি পরিষেবা পেতে চাইলে, বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানগুলি নিঃসন্দেহে গ্রাহকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।
