
বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে চোট পাওয়ায় আইপিএল ২০২৬-এর আগে সমস্যায় পড়েছেন তামিলনাড়ুর তারকা ব্যাটার সাই সুদর্শন। গুজরাট টাইটানসের এই বাঁহাতি ব্যাটার গত মাসে একটি ম্যাচ চলাকালীন ডান দিকের পাঁজরে চোট পান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
সূত্রের খবর, চোট পাওয়ার পর সাই সুদর্শন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সসেলেন্সে পৌঁছে গিয়েছেন। সেখানে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাঁর রিহ্যাবিলিটেশন চলছে। চিকিৎসকরা পুরোপুরি ফিট ঘোষণা না করা পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি। ফলে আইপিএল-এর প্রস্তুতিতে সাময়িক ছন্দপতন হচ্ছে এই তরুণ ব্যাটারের।
জানা গিয়েছে, একই জায়গায় দু’বার চোট পেয়েছেন সাই সুদর্শন। প্রথমে নেটে অনুশীলনের সময় হঠাৎ লাফিয়ে ওঠা বলে ডান পাঁজরে আঘাত লাগে। পরে ২৬ ডিসেম্বর ম্যাচে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরতে গিয়ে আবার সেই জায়গাতেই চোট পান তিনি। সিটি স্ক্যানে ধরা পড়ে, ডান দিকের সপ্তম পাঁজরের হাড়ে আঘাত রয়েছে। প্রথমে ব্যথা নিয়েই খেললেও পরে বিশ্রামের সিদ্ধান্ত নিতে হয়।
বর্তমানে বিসিসিআই মেডিক্যাল টিম ধাপে ধাপে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া চালাচ্ছে। শুরুতে শরীরের নিম্নাংশের শক্তি বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে, যাতে পাঁজরের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এক সপ্তাহ থেকে ১০ দিন পর ধীরে ধীরে শরীরের উপরের অংশের শক্তি বাড়ানোর অনুশীলন শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন সাই সুদর্শন।
আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটানসের হয়ে খেলার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সময়ের মধ্যেই ফিট হয়ে উঠলে আইপিএল শুরুর আগে ছন্দে ফিরতে বিশেষ সমস্যা হবে না বলেই আশাবাদী দল ও সমর্থকরা।
