
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হলেও নিজের কড়া অবস্থান থেকে একচুলও সরছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযানের রেশ কাটতে না কাটতেই আরও তিনটি দেশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ বাড়ছে লাতিন আমেরিকা জুড়ে।
মার্কিন প্রশাসনের দাবি, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক উৎপাদন, আন্তর্জাতিক মাদক পাচার, অপরাধীদের আশ্রয় দেওয়া এবং অবৈধ অস্ত্র মজুতের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের কথায়, “ভেনেজুয়েলার সরকার ব্যর্থ। সেখানে এখন আমরাই শাসনভার সামলাব।”
এই বক্তব্যের পরই আরও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, প্রয়োজনে মেক্সিকো, কিউবা এবং কলম্বিয়াতেও মার্কিন সেনা অভিযান চালাতে পারে। এই তিন দেশকে তিনি ‘সমস্যাজনক প্রতিবেশী’ বলে উল্লেখ করেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেক্সিকোতে প্রকৃত ক্ষমতা সরকারের হাতে নয়, ক্ষমতায় রয়েছে মাদক কারবারিরা। তাই কিছু করতেই হবে।”
কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, কিউবা ধ্বংসের পথে এগোচ্ছে এবং সেখানকার সাধারণ মানুষকে সাহায্য করাই আমেরিকার লক্ষ্য। একই সঙ্গে কিউবা থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মানুষদের প্রতিও সহানুভূতির বার্তা দেন তিনি। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে সরাসরি কোকেন উৎপাদন ও পাচারের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, “ওরা আমেরিকায় কোকেন পাঠাচ্ছে, তাই আমরা ছাড় দেব না।”
ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। একাধিক দেশ কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করলেও, হোয়াইট হাউস স্পষ্ট করেছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করবে না যুক্তরাষ্ট্র।
