
নয়াদিল্লি: নিত্যযাত্রীদের পরিচিত অ্যাপ UTS নিয়ে বড় পরিবর্তনের পথে ভারতীয় রেল। দীর্ঘদিন ধরে মাসিক ও অসংরক্ষিত টিকিট কাটার ভরসা ছিল এই অ্যাপ। কিন্তু হঠাৎ করেই মান্থলি টিকিট কাটা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে UTS থেকে পরিষেবা সরিয়ে নতুন অ্যাপ RailOne (রেলওয়ান)-এ স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শুরুতেই একটি বিবৃতিতে এই বদলের ইঙ্গিত দেওয়া হয়েছিল। মূল লক্ষ্য, যাত্রীদের জন্য একটি মাত্র অ্যাপের মাধ্যমে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া। সেই কারণেই UTS-এর পরিবর্তে রেলওয়ানকে সামনে আনা হচ্ছে। বর্তমানে UTS-এ আর মাসিক টিকিট কাটা যাচ্ছে না। শুধু তাই নয়, অসংরক্ষিত দৈনিক টিকিটের সুবিধাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, আগামী ১ মার্চ থেকে UTS-এর মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিংও পুরোপুরি বন্ধ হতে পারে।
তাহলে যাত্রীরা কী করবেন? রেলের পরামর্শ, দ্রুত রেলওয়ান অ্যাপ ডাউনলোড করে সেটিতে অভ্যস্ত হয়ে উঠতে হবে। এই অ্যাপে শুধু টিকিট কাটাই নয়, ট্রেনের সময়সূচি দেখা, PNR স্ট্যাটাস চেক, প্ল্যাটফর্ম টিকিট, এমনকি অনলাইন খাবার অর্ডারের সুবিধাও রয়েছে। অর্থাৎ রেলের আওতায় থাকা প্রায় সব ডিজিটাল পরিষেবাই এক ছাদের নীচে পাওয়া যাবে।
রেলমন্ত্রকের দাবি, একাধিক অ্যাপ ব্যবহার করার ঝামেলা কমাতেই এই সিদ্ধান্ত। যদিও হঠাৎ পরিবর্তনে সমস্যায় পড়েছেন অনেক নিত্যযাত্রী। বিশেষ করে যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের মধ্যে উদ্বেগ বেশি। তবে রেলের আশ্বাস, রেলওয়ান অ্যাপ আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হচ্ছে, যাতে যাত্রীরা দ্রুত মানিয়ে নিতে পারেন।
UTS ধীরে ধীরে অতীত হতে চলেছে। ভবিষ্যতে রেলের ডিজিটাল যাত্রায় রেলওয়ানই হতে চলেছে যাত্রীদের নতুন ভরসা।
