
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী (IAF) প্রকাশিত একটি নতুন ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটিতে নির্ভুল আকাশপথে হামলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পাহাড়ি এলাকায় স্ট্রাইক-এর দৃশ্য দেখা যায়। এই ফুটেজ সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে, অপারেশন সিঁদুর চলাকালীন কি পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় বিমান হামলা হয়েছিল?
কিরানা হিলস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধার কাছে অবস্থিত একটি সংবেদনশীল পাহাড়ি অঞ্চল। বহু বছর ধরেই এই এলাকাকে পাকিস্তানের সম্ভাব্য পরমাণু অস্ত্র সংরক্ষণের স্থান হিসেবে উল্লেখ করা হয়। ফলে এই অঞ্চলে কোনও ধরনের হামলার দাবি বা ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে।
IAF-এর প্রকাশিত ভিডিওতে যে পাহাড়ি ভূখণ্ড দেখা যাচ্ছে, তার সঙ্গে কিরানা হিলস এলাকার মিল রয়েছে বলে অনেক নেটিজেন দাবি করছেন। এর জেরে নতুন করে প্রশ্ন উঠেছে অপারেশন সিঁদুরের সময় কি এই এলাকায় হামলা চালানো হয়েছিল?
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। সেই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ও মিসাইল হামলা চালানো হয়। চার দিনের এই অভিযানে ভারত আকাশে কৌশলগত সুবিধা অর্জন করে বলে প্রতিরক্ষা সূত্রের দাবি। সেই সময়েও কিরানা হিলসে হামলার গুজব ছড়িয়েছিল, যদিও ভারতীয় কর্তৃপক্ষ কখনও তা নিশ্চিত বা অস্বীকার করেনি।
নতুন ভিডিও নিয়ে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আইএএফ আগের অবস্থানেই অনড় রয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারতের দাবি, অপারেশন সিঁদুর শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছিল, কোনও পরমাণু বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে নয়। তবে ভিডিওর দৃশ্য ও নীরব অবস্থান মিলিয়ে বিতর্ক আরও তীব্র হচ্ছে, যা ভারত-পাক সম্পর্কের উত্তেজনাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
