
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের জেরে এক ধাক্কায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল ই-কমার্স সংস্থা অ্যামাজন। বুধবার সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে তাদের কর্মী কাঠামোয় বড়সড় রদবদল করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বহু কর্পোরেট ও টেক টিমের উপর সরাসরি প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।
অ্যামাজনের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থার অভ্যন্তরীণ স্তর কমানো, ব্যবস্থাপনায় পরিবর্তন এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। গত বছর অক্টোবর মাসেই অ্যামাজন জানিয়েছিল, তারা অন্তত ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করতে পারে। সেই পরিকল্পনার প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আরও ১৬ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন।
সংস্থা সূত্রে খবর, যাঁরা ছাঁটাইয়ের আওতায় পড়বেন, তাঁদের ৯০ দিনের সময় দেওয়া হবে যাতে তাঁরা সংস্থার মধ্যেই অন্য কোনও পদের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি, ট্রানজিশন পিরিয়ডে কর্মীদের সহায়তার জন্য সেভারেন্স পে, স্বাস্থ্য বিমা এবং অন্যান্য আর্থিক সুবিধাও দেওয়া হবে বলে জানিয়েছে অ্যামাজন।
এই ছাঁটাইয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার। অ্যামাজন জানিয়েছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে AI প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো হচ্ছে, যার ফলে কিছু পদ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। তবে একই সঙ্গে সংস্থা এটাও স্পষ্ট করেছে যে, AI ও নতুন প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে ভবিষ্যতে নতুন নিয়োগও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে AI-নির্ভর রূপান্তরের জেরে কর্মী কাঠামোয় এই ধরনের পরিবর্তন আগামী দিনে আরও দেখা যেতে পারে। অ্যামাজনের এই সিদ্ধান্ত সেই প্রবণতারই বড় উদাহরণ বলে মনে করা হচ্ছে।
