
সামসেরগঞ্জে দুষ্কৃতী রাজ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন । ঘটনার ১৬ ঘণ্টা পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। নিজের হোটেলে বসে থাকাকালীনই ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। মৃত হোটেল ব্যবসায়ীর নাম রাহুল বিশ্বাস, মৃতের বয়স ৩৪ বছর। শুট আউটের ঘটনায় অধরা দুষ্কৃতীরা, স্বাভাবিকভাবেই ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যায়, গতকাল রাতে বাইকে চেপে হোটেলের সামনে নেমে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। পরপর ৫ রাউন্ড গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই ব্যবসায়ীর দেহ। দেহে পাঁচটি গুলি লাগা অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর, জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল রয়েছে। তবে প্রশ্ন উঠছে কারা ঘটালো এমন ঘটনা। ব্যক্তিগত শ্ত্রতা নাকি অন্য কোন কারণ রয়েছে এই খুনের নেপথ্যে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের কারণেই ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এদিকে পরিবারের তরফ থেকে কারোর দিকে অভিযোগের আঙুল তোলা হয়নি না। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। পুলিশ জানার চেষ্টা করছে খুনের ঘটনায় কোন ভাড়াটে দুষ্কৃতিকে ব্যবহার করা হয়েছিল কিনা! নাকি ওই ব্যবসায়ীর কোন প্রতিপক্ষ ঘটিয়েছে ঘটনাটি। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে গ্রেফতার বা আটকের খবর মেলেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
