
আলিপুরের পুলিশ বডিগার্ড লাইনে ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেডে রাজ্য ও কলকাতা পুলিশের উদ্দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে। আগামী ৩১ জানুয়ারি অবসর গ্রহণের আগে এই অনুষ্ঠানে তিনি বাহিনীর কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস, সততা ও দৃঢ়তার উপর জোর দেন।
১. রাজীব কুমার বলেন, কঠিন পরিস্থিতিতে দৃঢ় সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত সাহস। ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্ব পালন করাই পুলিশের পরিচয়।
২. দায়িত্বশীলতা ও সংযম জরুরি,
তিনি স্পষ্ট করেন, সাহস মানে অযথা শক্তি প্রয়োগ নয়। পরিস্থিতি বুঝে সংযত ও পেশাদার আচরণ বজায় রাখাই পুলিশের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
৩. পশ্চিমবঙ্গের কৌশলগত গুরুত্ব বেশি
রাজ্যের সঙ্গে নেপাল, ভূটান ও বাংলাদেশের সীমান্ত থাকায় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই বেশি। তাই অন্য রাজ্যের তুলনায় এখানে পুলিশের দায়িত্বও বেশি বলে তিনি উল্লেখ করেন।
৪. পুজো, গঙ্গাসাগরের মতো বৃহৎ সমাবেশ এবং বিভিন্ন সংকটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতার প্রশংসা করেন তিনি। প্রাণহানি এড়িয়ে পরিস্থিতি সামলানোকে তিনি বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ হিসেবে তুলে ধরেন।
৫. শীর্ষ আধিকারিক থেকে শুরু করে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার, সবাই মিলেই একটি পরিবার বলে উল্লেখ করেন তিনি। এই ঐক্য ও দলগত মনোভাব বজায় থাকলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
ফেয়ারওয়েল অনুষ্ঠানে তাঁর এই পাঁচ দফা বার্তা রাজ্য পুলিশের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশক হিসেবেই দেখা হচ্ছে।
