
ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা এখন ১০০ কোটিরও বেশি। টেলিকমিউনিকেশন মন্ত্রকের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর সুযোগ নিয়েই ভয়ংকর গতিতে বাড়ছে সাইবার অপরাধ। সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, দেশজুড়ে সাইবার ক্রিমিনালরা মাত্র ১ মিনিটে গড়ে ৭৬১টি মোবাইল ফোনকে টার্গেট করছে।
ডেটা সিকিওরিটি কাউন্সিল অব ইন্ডিয়ার (DSCI) তথ্য অনুযায়ী, প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মাসে অন্তত তিনবার করে হ্যাকের চেষ্টা করা হচ্ছে। ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা চালাচ্ছে প্রতারকরা। সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে বেঙ্গালুরু ও সুরাটের বাসিন্দাদের ফোন।
রিপোর্টে আরও বলা হয়েছে, অটোমোবাইল সংস্থার কর্মী এবং সরকারি অফিসে কর্মরতদের মোবাইল ফোন বিশেষভাবে নজরে রয়েছে সাইবার অপরাধীদের। কারণ অটোমোবাইল সেক্টরের বিভিন্ন ওয়েবসাইটে গাড়ি বা বাইক কেনার আগে গ্রাহকদের মোবাইল নম্বর ও লোকেশন দিয়ে লগ-ইন করতে হয়। এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার সুযোগ নিয়েই প্রতারকরা নিজেদের কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে ফোন বা মেসেজ করছে এবং ম্যালওয়্যার পাঠাচ্ছে।
অন্যদিকে, সরকারি কর্মীদের ফোনে গুরুত্বপূর্ণ নথি ও সরকারি তথ্য থাকার কারণে সেগুলিও বড় টার্গেট। সরকারি ডেটাবেসে প্রবেশের রাস্তা খুঁজতেই তাদের ফোনে হানা দিচ্ছে সাইবার জালিয়াতরা।
ক্রমবর্ধমান এই সাইবার হুমকির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে। সাধারণ মানুষকে অজানা লিংকে ক্লিক না করা, সন্দেহজনক কল এড়িয়ে চলা এবং নিয়মিত ফোন আপডেট রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সতর্ক না হলে এক মিনিটের অসাবধানতাই বড় বিপদ ডেকে আনতে পারে।
