
কলকাতার ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে রবিবার রাতের বোমাবাজি ও গুলির ঘটনার তদন্তে বড়সড় অগ্রগতি হল। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। মঙ্গলবার পুলিশ আরও দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে বাবু সোনা ওরফে রাহুল দাস এবং শুভঙ্কর রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু সোনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই তাঁরা গা ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের লুকোনো ডেরা থেকে গ্রেফতার করা হয়।
রবিবার রাতের ঘটনায় এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকুরিয়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাপ্পু সোনার নেতৃত্বে একটি দল এলাকায় তাণ্ডব চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একাধিক জায়গায় বোমা ফাটে এবং গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে রাতভর ঘরবন্দি হয়ে পড়েন বহু মানুষ। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ এখনও মূল অভিযুক্ত পাপ্পু সোনাকে ধরতে পারেনি। যদিও তিনি ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন এবং তাঁর কাছে নাকি তার প্রমাণ রয়েছে। পাশাপাশি নিজের আর্থিক অবস্থান নিয়েও মন্তব্য করে তিনি বলেন, তাঁদের পরিবারের ব্যবসা রয়েছে। তবে পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাপ্পুর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।
ঘটনার দিন স্থানীয় জনপ্রতিনিধিরাও এলাকায় পৌঁছন। ৯০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় এবং ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গেলে উত্তেজিত স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রশাসনের আশ্বাস, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় শান্তি ফেরাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
