
শনিবার শুরু হচ্ছে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি–২০ বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু এই ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট এই ম্যাচ আয়োজনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে। ভারত–পাকিস্তান ম্যাচ মানেই টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্ব থেকে বড় অঙ্কের রাজস্ব। সেই কারণেই পরিস্থিতি বেগতিক দেখে পিসিবি-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শামনি সিলভা। চিঠিতে তিনি দুই বোর্ডের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে সহযোগিতার আবেদন করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, ভারত–পাক ম্যাচ আয়োজনের জন্য বাণিজ্যিক, ব্যবস্থাপনা, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পূর্ণ। দুই দলের ক্রিকেটার, অতিথি ও দর্শকদের আপ্যায়নের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে এবং চাহিদা তুঙ্গে। বাণিজ্যিক সংস্থাগুলির আগ্রহও প্রবল। এই ম্যাচ না হলে গোটা আয়োজন ভেস্তে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পর্যটন খাতেও তার প্রভাব পড়তে পারে।
চিঠিতে শ্রীলঙ্কা পক্ষ জানিয়েছে, অতীতে তারা পাকিস্তানের সঙ্গে বারবার সহযোগিতা করেছে। তাই এবার পারস্পরিক সমর্থন প্রত্যাশা করছে কলম্বো। এখন দেখার, শ্রীলঙ্কার এই কূটনৈতিক উদ্যোগে সাড়া দেয় কি না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত যাই হোক, ১৫ ফেব্রুয়ারির ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা ও অপেক্ষা তুঙ্গে।
