
আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের দীর্ঘদিনের চুক্তি নিউ স্টার্ট (New START) এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প জানিয়েছেন, পুরনো চুক্তির বদলে তিনি একটি সম্পূর্ণ নতুন ও আধুনিক পরমাণু চুক্তি চান, যা ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জের সঙ্গে মানানসই হবে।
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, নিউ স্টার্ট চুক্তিটি খারাপভাবে আলোচনা করে তৈরি হয়েছিল এবং তা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। তাঁর মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুরনো কাঠামো কার্যকর নয়। তাই নতুন করে আলোচনায় বসে আধুনিক চুক্তি তৈরিই একমাত্র পথ।
২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিতে দুই দেশকে সর্বোচ্চ ১,৫৫০টি পরমাণু অস্ত্র এবং ৭০০টি ক্ষেপণ ব্যবস্থা ব্যবহারের সীমার মধ্যে রাখা হয়েছিল। এই চুক্তির মেয়াদ ২০২১ সালে জো বাইডেন ও পুতিনের মধ্যে সমঝোতায় পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। তবে মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে পুতিন এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিলে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালু থাকবে। পাশাপাশি ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতের কোনও পরমাণু চুক্তিতে চিনকেও অন্তর্ভুক্ত করা উচিত, যদিও বেজিং স্পষ্টভাবে এমন প্রস্তাবে অনাগ্রহ প্রকাশ করেছে।
রাশিয়ার তরফে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও পরমাণু স্থিতিশীলতা নিয়ে দায়িত্বশীল অবস্থান বজায় রাখার কথা বলেছেন। নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের হাতে থাকা বিপুল পরমাণু অস্ত্রের উপর আর কার্যকর কোনও নিয়ন্ত্রণ কাঠামো থাকল না। ফলে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
