
বাজেট অধিবেশনের মঞ্চে শুক্রবার নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই নেতার বক্তব্যে একে অপরের বাবাকে টেনে আনা হয়, যা নিয়ে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
বাজেট আলোচনার সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী ওড়িশা সরকারের উন্নয়নের উদাহরণ টানেন। সেই প্রসঙ্গে উদয়ন গুহ মন্তব্য করেন, “ওরা তো বাঙালিদের মারছে—কিছু বলুন।” এতে বিজেপির বেঞ্চে হইচই শুরু হয়। পাল্টা শুভেন্দু অধিকারী উদয়নকে উদ্দেশ করে বলেন, তিনি নাকি নিজের বাবাকেই ‘চোর’ বলেছেন, এই অভিযোগ ঘিরেই বিতর্ক তীব্র আকার নেয়।
স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, তাঁর বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন এবং দীর্ঘদিন মন্ত্রী হিসেবে কাজ করেছেন। বাবার রাজনৈতিক ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করতেই পারেন, কিন্তু তাঁকে ‘চোর’ বলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন,এ দাবি করেন উদয়ন। এরপর শুভেন্দুকে খোঁচা দিয়ে বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে, অথচ নিজেকে বলেন মোদীর ব্যাটা, তাহলে আপনি আসলে কার ছেলে?” এই মন্তব্যের পরই দুই পক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানে সভাকক্ষ উত্তাল হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দু’পক্ষকেই সতর্ক করেন এবং জানান, এই ইস্যুতে করা মন্তব্য রেকর্ডে রাখা হবে না। তবু অধিবেশনের মূল আলোচনার বদলে ব্যক্তিগত আক্রমণেই সময় নষ্ট হওয়ায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক মহলের মতে, বাজেটের মতো গুরুত্বপূর্ণ আলোচনায় এমন বাকযুদ্ধ বিধানসভার মর্যাদাকেই প্রশ্নের মুখে ফেলেছে।
