
সরকারি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সরব বিরোধীরা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার সরাসরি মাঠে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কাটমানি, প্রকল্পের সুবিধা দিতে দেরি বা অযথা খারিজ—এই ধরনের অভিযোগ জানাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ৭০৪৭৯৮৯৮০০।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বাংলার বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কেউ টাকা চাইলে বা পরিষেবা আটকে দিলে সাধারণ মানুষ পরিচয় গোপন রেখেই অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে অডিয়ো বা ভিডিয়ো প্রমাণ থাকলে, সেই ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিটি থানার ওসি-আইসি-দের বিষয়টি কড়া নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ভোটের আগে পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র অভিযোগ তুলেছেন, প্রশাসন দুর্নীতির অংশ বলেই এই উদ্যোগকে ‘ভোটের আগে গিমিক’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, গোটা ব্যবস্থাই কাটমানির চক্রে জড়িত।
অন্যদিকে পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বলেন, কেন্দ্রীয় বরাদ্দ না পেলেও রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে লক্ষাধিক মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে। কোথাও টাকা চাওয়া হলে প্রশাসন বা পুলিশের কাছে জানাতে দল আগেই অনুরোধ করেছে। তৃণমূলের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানেই তারা আছে।
ভোটের আবহে পুলিশের এই হেল্পলাইন বাস্তবে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে। তবে সাধারণ মানুষের কাছে অভিযোগ জানানোর একটি খোলা দরজা তৈরি হল বলেই মনে করছেন অনেকেই।
