
ডিজিটাল প্রতারণার বাড়বাড়ন্তে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। অনলাইন জালিয়াতির শিকার হলে গ্রাহকরা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভুলবশত ওটিপি শেয়ার করে প্রতারণার ফাঁদে পড়লেও নির্দিষ্ট শর্তে এই ক্ষতিপূরণের আওতায় আসবেন গ্রাহকরা। ডিজিটাল লেনদেনের যুগে যেখানে প্রতিদিন নতুন নতুন প্রতারণার কৌশল সামনে আসছে, সেখানে এই সিদ্ধান্তকে গ্রাহক স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরবিআই জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ (ডিইএ) ফান্ড থেকে। বহু বছর ধরে দাবিহীন পড়ে থাকা আমানত থেকেই এই তহবিল তৈরি হয়েছে। বর্তমানে এই ফান্ডে বিপুল অঙ্কের টাকা জমা রয়েছে, ফলে ক্ষতিপূরণ দেওয়া হলেও আর্থিক ভারসাম্যে বড় প্রভাব পড়বে না বলেই দাবি কর্তৃপক্ষের।
তবে সুবিধার পাশাপাশি থাকছে কড়া নিয়ম। একজন গ্রাহক জীবনে মাত্র একবার এই ক্ষতিপূরণ পাবেন। প্রতারণার ক্ষেত্রে গ্রাহকের কোনও অসৎ উদ্দেশ্য বা যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ‘স্কিন ইন দ্য গেম’ নীতির আওতায় প্রতারিত টাকার অন্তত ১৫ শতাংশ গ্রাহককেই বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ মিলবে ক্ষতিপূরণ হিসেবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
আরবিআইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে ডিজিটাল জালিয়াতির বেশিরভাগ ঘটনাতেই ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকার নীচে। তাই এই ক্ষতিপূরণ ব্যবস্থা সাধারণ গ্রাহকদের বড় অংশকে তাৎক্ষণিক স্বস্তি দেবে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি যাচাইকরণ, টাকা ক্রেডিটে সময়ের ব্যবধান রাখার মতো একাধিক সুরক্ষা ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। খুব শীঘ্রই এই সংক্রান্ত খসড়া নিয়ম প্রকাশ করে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। ডিজিটাল লেনদেনে ভরসা ফেরাতেই RBI-এর এই পদক্ষেপকে সময়োপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
