
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষের মুখে। ফলে বিধানসভা ভোটের ঘোষণা যে আর খুব দূরে নয়, তা কার্যত স্পষ্ট। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এবারে তিন দফায় ভোট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদনের উপর নির্ভর করছে।
সূত্রের দাবি, উত্তরবঙ্গের আট জেলায় এক দফাতেই ভোট করানোর ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে দু’দফায় ভোট হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় একই দিনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই জেলাগুলিকে নিয়ে আর এক দফার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।
অশান্তি প্রবণ এলাকাগুলিতে বিশেষ নজর রাখছে কমিশন। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম ও কোচবিহার, এই চার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের ইঙ্গিত মিলেছে। স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনাও চলছে।
ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর আবেদন জানিয়েছে। তবে কত দফায় ভোট হবে, তা অনেকটাই নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও মোতায়েনের পরিকল্পনার উপর। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পর্যাপ্ত বাহিনী থাকা জরুরি বলেই মনে করছে কমিশন।
এই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক থেকে সবুজ সংকেত মিললে তবেই দফা কমানোর সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। সব মিলিয়ে, বাংলার রাজনীতিতে ভোটের দামামা বাজতে আর বেশি দেরি নেই, ঘড়ির কাঁটা এখন ২ মার্চের দিকেই তাকিয়ে।
