
জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর পাশাপাশি এবার সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া ও বাজানো নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রক থেকে প্রকাশিত এই নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৩ মিনিট ১০ সেকেন্ডের পূর্ণাঙ্গ সংস্করণ যার ছয়টি স্তবক রয়েছে সরকারি অনুষ্ঠানে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানকালে, এবং জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গীত বাজানো হবে। একই নিয়ম প্রযোজ্য হবে রাজ্যপালদের ক্ষেত্রেও। রাজ্যপালের আগমন, প্রস্থান ও ভাষণের আগে-পরে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে বলে জানানো হয়েছে।
আরও বলা হয়েছে, যদি কোনও অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ ও ‘জনগণমন’ দুটি একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। পাশাপাশি, গানটি গাওয়া বা বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি অনুষ্ঠানগুলিতে রাষ্ট্রীয় গীতের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে সূত্রের দাবি। তবে রাজনৈতিক মহলে এই নির্দেশিকা ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল বিষয়টিকে সাংবিধানিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছে।
সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর উপস্থিতি আরও স্পষ্ট ও আনুষ্ঠানিক রূপ পেল কেন্দ্রের নতুন নির্দেশিকায়।
