
রাজনৈতিক অস্থিরতা বাড়ায় প্রাণভয়ে বাংলাদেশি ৬ যুবক ভারতে আশ্রয় নিয়েছিলেন। মেডিক্যাল ভিসা নিয়ে ঢুকলেও মেয়াদ শেষ হওয়ায় দেশে ফেরেননি তারা। পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিটের হোটেলগুলোতে লুকিয়ে থাকতে থাকায় সন্দেহ হয় পুলিশের। অবশেষে কলিন স্ট্রিটের হোটেল থেকে ধরা পড়েন ওই ৬ জনের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় গায়ক আজম মোল্লাও রয়েছেন।
ধৃতদের নাম হলো আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। বয়স ২৫–৩৫ বছরের মধ্যে, বাড়ি বাংলাদেশের নোয়াখালি ও টাঙ্গাইল জেলায়। প্রত্যেকের কাছ থেকে বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, দেশে ফিরে যাওয়া তাদের জন্য নিরাপদ নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে হোটেল বদলে থাকতে থাকেন। কয়েকজন স্থানীয়ভাবে কাজের খোঁজও করছিল। গায়ক আজম মোল্লা পরিচিতদের কাছে গান গেয়ে রোজগার করার চেষ্টা করছিলেন। জানুয়ারির মধ্যেই সকলের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়। এরপর তারা দেশে ফেরার বদলে কলকাতা থেকে বিদেশে পালিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন।
গ্রেফতারের পর সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সাজার মেয়াদ শেষে নিয়ম মেনে তাদের বাংলাদেশে ফেরানো হবে। এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের কলকাতায় অবস্থান ও আইনগত জটিলতার বিষয়টি সামনে এসেছে।
