
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হল চার শিশু। মঙ্গলবার খড়গাছি-চাঁদপুর এলাকায় রাস্তার ধারে রাখা একটি রাসায়নিক ভর্তি ড্রাম আচমকা ফেটে যায়। সেই সময় কাছেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সী কয়েকজন শিশু। বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজনই দগ্ধ হয়। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
জানা গিয়েছে, রাস্তা মেরামতির কাজ চলছিল এলাকায়। প্রায় ২০০ লিটার ডিজেল অয়েল বোঝাই একটি ড্রাম রাস্তার পাশে রাখা ছিল। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, তীব্র তাপ বা অসাবধানতাবশত আগুনের স্ফুলিঙ্গ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের জেরে এক শিশু অসহ্য যন্ত্রণায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
আহত শিশুদের মধ্যে সাদিকুল আহমেদ (৮), রায়ান মোল্লা (৯) এবং সামিউল মোল্লা (১০)-কে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। বাকি দুই শিশুও গুরুতরভাবে দগ্ধ, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আর এক আহত শিশুর স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতালে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, বিপজ্জনক রাসায়নিক ভর্তি ড্রাম জনবহুল এলাকায় কেন অসুরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। তদন্ত শুরু করেছে প্রশাসন।
