
ভোটের প্রাক্কালে ফের চাপে সাসপেন্ডেড বিধায়ক Humayun Kabir শিবির। জলা জমির উপর বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর স্ত্রী মিরা সুলতানার নামে নোটিস জারি করল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, মুর্শিদাবাদের মানিক্যহার গ্রামে ‘নালা’ প্রকৃতির জমির চরিত্র পরিবর্তন না করেই সেখানে বসতবাড়ি তৈরি করা হয়েছে। যদিও বুধবার পর্যন্ত নোটিস হাতে পাননি বলেই দাবি হুমায়ুন পত্নীর।
দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট অনুমতি ছাড়াই জমির শ্রেণি বদলে নির্মাণকাজ হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে নোটিসে। সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে মিরা সুলতানাকে। বর্তমানে হুমায়ুন কবীর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতেই বসবাস করছেন বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই নোটিস ঘিরে কি নতুন করে চাপ তৈরি করা হল? সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের দল গঠন করেছেন হুমায়ুন কবীর। এমনকি সম্ভাব্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছেন তিনি। শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব থেকেছেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কটাক্ষ করে ধারাবাহিক আক্রমণ শানিয়েছেন।
হুমায়ুন শিবিরের দাবি, “এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।” যদিও প্রশাসনের বক্তব্য, নিয়ম মেনেই তদন্ত প্রক্রিয়া চলছে, রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
সব মিলিয়ে ভোটের আগে মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। নোটিসের জবাবে কী পদক্ষেপ নেন মিরা সুলতানা, সেটাই এখন দেখার।
