
ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই রাশিয়া স্পষ্ট জানিয়েছে, নয়াদিল্লি তার তেল আমদানির নীতি বদলায়নি। রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা (Maria Zakharova) বলেন, “ভারতের অবস্থান বদলেছে বলে বিশ্বাস করার কোনও কারণ নেই। ভারত-রাশিয়ার তেল লেনদেন দুই দেশের জন্যই লাভজনক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখে।”
ওয়াশিংটনের দাবি, ভারত নাকি রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে। মার্কো রুবিও ও ডোনাল্ড ট্রাম্প এই দাবির পুনরাবৃত্তি করেছেন। তবে নয়াদিল্লি এখনও সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। ভারতের অবস্থান আগের মতোই স্পষ্ট জ্বালানি কেনাবেচায় “জাতীয় স্বার্থ”ই প্রধান।
রাশিয়া পাশাপাশি ইউরোপীয় দেশগুলির ভূমিকাকেও খোঁচা দিয়েছেন, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় তাদের বাস্তব আগ্রহের অভাবের দিকে ইঙ্গিত করে। এ পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি ও কূটনৈতিক দৃশ্যে ভারতের স্বাধীন অবস্থানের বিষয়টিকে আরও গুরুত্ব দিয়েছে।
