
২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সোমবার বিকেল ৪টেয় কলকাতার সিইও দফতরে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, এডিজি (আইনশৃঙ্খলা), স্টেট পুলিশ নোডাল অফিসার এবং সিআইএসএফ নোডাল অফিসার উপস্থিত থাকবেন।
সূত্রের খবর, বৈঠকে আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রুটম্যাপ, স্পর্শকাতর বুথের নিরাপত্তা ব্যবস্থা এবং টহলদারি সূচি নির্ধারণ করা হবে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের আস্থা বজায় রাখতে এবং ‘এরিয়া ডমিনেশন’ কার্যক্রম আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনায় রাজ্যে ৪৮০ কোম্পানি মোতায়েন করা হবে। প্রথম দফায় ১ মার্চ পৌঁছাবে ২৪০ কোম্পানি, যার মধ্যে থাকবে সিআরপিএফ-এর ১১০, বিএসএফ ৫৫, সিআইএসএফ ২১, আইটিবিপি ২৭ এবং এসএসবি ২৭ কোম্পানি। এরা ভোট কেন্দ্র, গণনাকেন্দ্র এবং সশস্ত্র ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের সমন্বয়, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ। আগাম প্রস্তুতি নির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। কমিশনের লক্ষ্য, ভোটের দিন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেই জন্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করা।
রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এই ধরনের প্রস্তুতি আগের নির্বাচনের অভিজ্ঞতা থেকে নেওয়া সিদ্ধান্ত। ভোটে শান্তি ও স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
