
কলকাতা: এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের তদারকিতে এবার সরাসরি বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই রাজ্যের সমস্ত বিচারকদের ছুটি বাতিল করল Calcutta High Court। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অসুস্থতা ছাড়া আগামী ৯ মার্চ পর্যন্ত কোনও বিচারক ছুটি নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
উচ্চ আদালত সূত্রে খবর, এসআইআর-এর শেষ পর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিম্ন আদালতগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সেই কারণেই জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাব এসেছে কমিশনের তরফে। ইতিমধ্যেই ২৫০ জন বিচারকের একটি তালিকা কমিশনের কাছে পাঠিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার।
এই তালিকায় এনডিপিএস ও পকসো আদালতের প্রায় ১০০ জন বিচারক ছাড়াও অন্যান্য ফৌজদারি ও দেওয়ানি মামলার ১৫০ জন বিচারকের নাম রয়েছে। প্রশাসনিক মহলের মতে, নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতেই বিচার বিভাগের সরাসরি নজরদারি জরুরি হয়ে উঠেছে।
এসআইআর নিয়ে মামলার শুনানির সময় Supreme Court of India-এর প্রধান বিচারপতি সূর্য কান্ত বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী নির্দেশের কথা উল্লেখ করেছিলেন। তিনি স্পষ্ট করে দেন, জুডিশিয়াল অফিসারদের কাজে কোনও রকম বাধা বরদাস্ত করা হবে না এবং তাঁদের মর্যাদা রক্ষা করা হবে সর্বাগ্রে।
আগামীকাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকও নির্ধারিত রয়েছে। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক ও শীর্ষ পুলিশ কর্তারা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে এসআইআর ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।
