
বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট আট সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের একটি চরমপন্থী সংগঠনের মদতে ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা চলছিল। বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই এই চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল-সহ ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে নকল আধার কার্ড উদ্ধার হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পশ্চিমবঙ্গের মালদহ থেকেও আরও দু’জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কয়েকজন বাংলাদেশি নাগরিক বলেও জানা গিয়েছে।
তদন্তে উঠে এসেছে, জঙ্গি কার্যকলাপের সমর্থনে করা একাধিক অনলাইন পোস্টের সূত্র ধরেই নজরে আসে এই চক্র। দিল্লির বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেট্রো নেটওয়ার্ক জুড়ে উসকানিমূলক পোস্টার পড়েছিল বলে অভিযোগ। কাশ্মীর ইস্যু ও দেশের নিরাপত্তা নিয়ে উত্তেজক বার্তা ছড়ানো হচ্ছিল। সেই সূত্র ধরেই তামিলনাড়ুর সঙ্গে যোগসূত্র খুঁজে পায় স্পেশাল সেল।
অভিযুক্তদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা চক্রের আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে, সময়মতো পদক্ষেপ না করলে বড়সড় হামলার আশঙ্কা ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই রাজ্যেই।
