
অবশেষে প্রকাশ্যে এল পশ্চিমবঙ্গের এসআইআর (Special Intensive Revision) চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের সংশোধিত তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিডিও অফিসে চূড়ান্ত তালিকা পৌঁছে গিয়েছে এবং বিএলও-রা নিজ নিজ এলাকায় সেই তালিকা বিলি শুরু করেছেন। তবে তালিকা দেখতে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই বাড়িতে বসেই সহজ উপায়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই তালিকা দেখা যাবে। অফলাইনে কমিশন নির্ধারিত সরকারি দফতর যেমন এসডিও অফিস, ডিইও অফিস, বিডিও অফিস কিংবা পঞ্চায়েত ভবনে গিয়ে ভোটাররা সরাসরি তালিকা পরীক্ষা করতে পারবেন। তবে ভিড় এড়াতে অনলাইন পদ্ধতিই সবচেয়ে সহজ বলে মনে করা হচ্ছে।
অনলাইনে নাম খুঁজতে গেলে নির্বাচন কমিশনের দুটি সরকারি ওয়েবসাইট ব্যবহার করা যাবে voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in। দুপুর ২টো থেকে এই ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা দেখা যাচ্ছে। ভোটাররা নিজেদের এপিক (EPIC) নম্বর ব্যবহার করে সরাসরি সার্চ করতে পারবেন। যদি কারও কাছে এপিক নম্বর না থাকে, তবে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর দিয়েও খোঁজ করা সম্ভব। পাশাপাশি, মা বা বাবার নাম দিয়েও সার্চের সুযোগ রয়েছে।
এছাড়াও সম্পূর্ণ ইলেক্টোরাল রোল ডাউনলোড করে নিজের পোলিং বুথ অনুযায়ী নাম খুঁজে দেখা যাবে। এতে একই পরিবারের একাধিক সদস্যের নাম একসঙ্গে যাচাই করা সহজ হবে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। তালিকায় যাঁদের নামের পাশে “Adjudication” লেখা থাকবে, তাঁরা তথ্য যাচাইয়ের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছিলেন তাঁদের ভোটাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রক্রিয়াধীন থাকতে পারে। আবার যদি কারও নামের উপর “Deleted” চিহ্ন থাকে, তা হলে তিনি আপাতত ভোট দিতে পারবেন না, যতক্ষণ না সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম পুনরায় যুক্ত হয়।
নির্বাচন কমিশন ভোটারদের অযথা গুজবে কান না দিয়ে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। ভোটের আগে নিজের নাম তালিকায় আছে কি না, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই দেরি না করে আজই দেখে নিন আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত আছে তো?
