
ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার দুপুর থেকেই অনলাইনে তালিকা দেখা যাচ্ছে বলে কমিশন সূত্রে খবর। এই মুহূর্তের বড় আপডেট উত্তর কলকাতা থেকে প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাই ও তথ্যে অসঙ্গতির জেরেই এই বাদ পড়া।
সূত্রের খবর, এখনও ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া ঝুলে রয়েছে। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র গেরোয় বহু নাম আটকে আছে। তবে তালিকা প্রকাশ পেলেও SIR প্রক্রিয়া থামছে না, তা চলবে বলেই জানিয়েছে কমিশন। SIR শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিলেন প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৮ লক্ষে।
গত কয়েক মাস ধরে SIR ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর ছিল তুঙ্গে। অবশেষে এদিন প্রকাশ পেল চূড়ান্ত ফলাফল। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত যে তালিকা কার্যকর থাকবে, সেই তালিকা নিয়েই ভোটগ্রহণ হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করা হবে বলে আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী।
অনলাইনে তালিকা দেখতে হলে ভোটারদের এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে। ceowestbengal.wb.gov.in, voters.eci.gov.in এবং electoralsearch.eci.gov.in এই পোর্টালগুলিতে পাওয়া যাবে তথ্য। মোবাইল ব্যবহারকারীরা ECINET অ্যাপের মাধ্যমেও খুঁজে নিতে পারবেন নিজেদের নাম।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। উত্তর কলকাতায় এত বড় সংখ্যায় নাম বাদ পড়া আসন্ন নির্বাচনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
