
রাতের কলকাতায় নারী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চালু হচ্ছে সম্পূর্ণ মহিলা-চালিত ‘পিঙ্ক বুথ’ এবং পাশাপাশি নামছে বিশেষ মোবাইল টহলদারি দল ‘শাইনিং’। শনিবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে প্রথম পিঙ্ক বুথের উদ্বোধন করেন নগরপাল সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকেরা। এদিন থেকেই কার্যকর হচ্ছে এই উদ্যোগ।
জানা গিয়েছে, কলকাতার ১০টি ট্রাফিক ও পুলিশ ডিভিশনে দু’টি করে মোট ২০টি পিঙ্ক বুথ চালু করা হবে। শহরের ব্যস্ততম ও জরুরি মোড়গুলিকেই বেছে নেওয়া হয়েছে। প্রতিটি বুথে থাকবেন এক জন মহিলা অফিসার-ইন-চার্জ এবং তাঁর নেতৃত্বে ৩ থেকে ৫ জন মহিলা পুলিশকর্মী। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বুথ খোলা থাকবে। বিপদে পড়লে বা কোনও সাহায্যের প্রয়োজন হলে সরাসরি এই বুথে যোগাযোগ করতে পারবেন মহিলারা।
শুধু স্থায়ী বুথ নয়, রাতের রাস্তায় বাড়তি নজরদারির জন্য নামছে ‘শাইনিং’ নামের সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই উদ্যোগের প্রশংসা করে জানান, রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত ই এম বাইপাস এবং রাতের বেলায় কর্মরত মহিলাদের ব্যবহৃত পথগুলিতে টহল দেবে এই দল।
এদিন পাঁচটি গাড়ির উদ্বোধন করা হয় এবং শক্তি বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় ‘শাইনিং’। নতুন নামেই স্টিকার লাগানো গাড়িগুলি রাস্তায় নামে।
প্রশাসনের দাবি, কলকাতা দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে চিহ্নিত। নতুন এই দুই উদ্যোগ সেই নিরাপত্তা বলয়কে আরও মজবুত করবে বলেই আশাবাদী পুলিশ ও প্রশাসন।
