
মহারাষ্ট্রের নাগপুর জেলায় একটি গানপাউডার তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
নাগপুরের রাউলগাঁও এলাকায় অবস্থিত ‘এসবিএল এনার্জি লিমিটেড’ নামক কারখানায় এই বিস্ফোরণটি ঘটে। সংস্থা সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে যখন ডিটোনেটর প্যাকিংয়ের কাজ চলছিল, তখনই আচমকা এই বিস্ফোরণ হয়। কারখানাটি মূলত খনি এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বহুদূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও এনডিআরএফ-এর বিশেষ দল। নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার এবং জেলাশাসক বিপিন ইটাঙ্কর নিজে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করেন। আহতদের দ্রুত উদ্ধার করে নাগপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক” বলে বর্ণনা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট সংস্থাকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের এই ঘটনা শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছে।
