
তেহরান: শনিবার সকালে আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, দায়িত্বপালনের সময় ভোরের দিকে হামলা চালানো হয়। ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরেই ইরানকে কূটনৈতিক ও সামরিকভাবে চাপে রাখার চেষ্টা চলছিল। শনিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকের কথা ছিল খামেনেইয়ের। তবে আচমকা সেই বৈঠকের সময় বদলে সকালে আনা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সেই তথ্য পেয়ে যায়। এরপর ‘গ্রিন সিগন্যাল’ মিলতেই ইজরায়েলি বাহিনী হামলা চালায় বলে অভিযোগ।
ইরান জানিয়েছে, হামলায় শুধু খামেনেই নন, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদা এবং রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মোহাম্মদ পাকপৌরও নিহত হয়েছেন। যদিও ইজরায়েলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
খামেনেইয়ের মৃত্যুর পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক অভিযান চালানো হবে। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের।
এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই বিভিন্ন দেশে সতর্কতা জারি হয়েছে। বিশ্বের নজর এখন তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে।
