
কলকাতা: জল্পনার অবসান। অবশেষে ঘোষণা হল ব্রিগেডে বিজেপির মহাসভার দিনক্ষণ। আগামী ১৫ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে এই সভাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বঙ্গ বিজেপি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।
রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব একে একে রাজ্যে এসে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্য জুড়ে সংগঠন মজবুত করাই লক্ষ্য পদ্ম শিবিরের। সেই কর্মসূচির পরই ব্রিগেডে শক্তি প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। দলীয় নেতাদের দাবি, এই সভা থেকেই পরিবর্তনের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেডে বড় সভা করেছিল বিজেপি। সেই মঞ্চেই দলে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকে একাধিক প্রচারে তাঁকে দেখা গিয়েছে। এবারও তিনি ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যে কোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার আগেই ময়দানে নেমে পড়েছে সব দল। বিজেপির লক্ষ্য, ব্রিগেডের সভার মাধ্যমে সাধারণ মানুষের বড় অংশকে সরাসরি বার্তা দেওয়া। ১৫ মার্চের সভায় মোদী কী রাজনৈতিক বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
