
ইরান–ইজরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতেই ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একইভাবে বিপাকে পড়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া।
শনিবার ইরানের সামরিক অভিযানের পরপরই Abu Dhabi International Airport-এ বেজে ওঠে সতর্কতার অ্যালার্ম। আতঙ্কে যাত্রীরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্রুত ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে সবাইকে টার্মিনালের ভিতরেই থাকতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই বিমান পরিষেবা স্থগিত, পরে সম্পূর্ণ বাতিল করা হয়।
আবু ধাবিতে আটকে পড়েন বলিউড অভিনেত্রী সোনল চৌহান এবং জোড়া অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু-ও। পরিকল্পনা থাকলেও তাঁরা ভারতে ফিরতে পারেননি।
আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার সংযোগপথে বড়সড় প্রভাব পড়ে। টার্মিনালের ভিতরে ছড়িয়ে পড়ে অস্থিরতা—খাবারের দোকানে দীর্ঘ লাইন, শিশু-সহ পরিবারগুলির উদ্বেগ, অনিশ্চিত অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কাটান বহু যাত্রী।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কবে উড়ান পরিষেবা পুরোপুরি চালু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট বার্তা মেলেনি। ফলে উদ্বেগে রয়েছেন প্রবাসী ভারতীয় ও পর্যটকরা।
