
আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত সোমবার তৃতীয় দিনে পৌঁছল। এরই মধ্যে একটি অত্যাধুনিক ‘এফ-১৫’ (F-15) যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে তেহরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এই ঘটনা মধ্যপ্রাচ্য তথা বিশ্বকে দ্বিতীয় একটি বড় সামরিক সংঘাতের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো চিত্রে দেখা গিয়েছে, একটি এফ-১৫ যুদ্ধবিমান লেজের দিকে আগুন লাগা অবস্থায় ধীরগতিতে আকাশ থেকে পাক খেতে খেতে নিচের দিকে পড়ছে। তবে বিমানটি আমেরিকার না কি ইসরায়েলের, তা এখনো স্পষ্ট নয়। কারণ, মধ্যপ্রাচ্যের এই অভিযানে আমেরিকা ও ইজরায়েল—উভয় দেশই এই শক্তিশালী যুদ্ধবিমানটি ব্যবহার করছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগেই সেটির পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে (Eject) সক্ষম হয়েছেন। তাঁর বর্তমান অবস্থান বা পরিচয় নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
গত তিন দিনের টানা সংঘর্ষে পুরো পশ্চিম এশিয়া এখন কার্যত রণক্ষেত্র। ইসরায়েলের সমর্থনে মার্কিন বাহিনীর এই সরাসরি অংশগ্রহণ এবং ইরানের পাল্টা প্রতিরোধের ফলে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খামেনেইর মৃত্যুর পর ইরানের এই পাল্টাপাল্টি হামলার দাবি অঞ্চলের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
