সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের একটি আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্তান চলবে”।এই মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ঘৃণাসূচক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে।
বিচারপতি শেখরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম দ্রুত পদক্ষেপ নেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে তাঁকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তলব করা হয়। বিচারপতি শেখর দাবি করেন, তিনি কোনও সম্প্রদায়কে আঘাত করেননি এবং যা বলেছেন তা সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তবে বিচারপতির মন্তব্য নিয়ে রাজ্যসভাতেও চাঞ্চল্য তৈরি হয়। বিরোধী সাংসদরা তাঁর ইমপিচমেন্টের প্রস্তাব আনেন। এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি অরুণ ভনসালিকে লেখা চিঠিতে শেখর কুমার বলেন, তাঁর বক্তব্য বিচারব্যবস্থার নীতি বা সংবিধান লঙ্ঘন করেনি।
উল্লেখ্য, প্রয়াগরাজে আয়োজিত সভায় তিনি আরও দাবি করেন, “এক দেশ, এক আইন” নীতির প্রয়োজনীয়তা রয়েছে। তবে অভিযোগ ওঠে, তিনি রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রসঙ্গে প্রকাশ্যে মতামত দিয়ে বিচারকের নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিষয়টি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে এই ধরনের বিতর্কে কোনও বিচারপতির তলব হলে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এই মামলার ভবিষ্যৎ পরিণতির দিকে তাকিয়ে আছে গোটা বিচার ব্যবস্থা।
