
রেকর্ড ১০ বারের জন্য বিহারের কুর্সিতে বসার মাত্র চার মাসের মাথায় আবারও নাটকীয় মোড় নীতীশ কুমারের রাজনৈতিক জীবনে। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করতে চলেছেন জেডিইউ প্রধান। তাঁর এই সিদ্ধান্তের ফলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে পটনার রাজনৈতিক অলিন্দে এখন তুমুল অস্থিরতা ও জল্পনা শুরু হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার আগে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি দীর্ঘ আবেগঘন বার্তায় নীতীশ কুমার বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মানুষের আস্থা ও সমর্থন তাঁকে কাজ করার শক্তি দিয়েছে। নীতীশ লেখেন, “আমার সংসদীয় যাত্রার শুরু থেকেই বিহার বিধানমন্ডলের উভয় কক্ষ (বিধানসভা ও বিধান পরিষদ) এবং সংসদের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) সদস্য হওয়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করতেই এবার রাজ্যসভা নির্বাচনে লড়ছি।”
রাজ্য রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে যাওয়ার কথা ঘোষণা করলেও, বিহারের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা বিন্দুমাত্র কমবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। নীতীশ কুমার তাঁর পোস্টে আরও লেখেন, “আমি আপনাদের সম্পূর্ণ সততার সাথে আশ্বস্ত করতে চাই যে, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। একটি উন্নত বিহার গড়ার যে সংকল্প আমি নিয়েছি, তাতে আমি অবিচল থাকব।”
নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই প্রশ্ন উঠেছে- বিহারে এনডিএ (NDA) জোটের পরবর্তী মুখ কে হতে চলেছেন? রাজনৈতিক মহলের একাংশের মতে, জোটের শরিক বিজেপির সাথে আলোচনার মাধ্যমেই নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে। তবে নীতীশের এই পদক্ষেপ বিহারের রাজনীতিতে এক যুগের অবসান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
