
মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সি.ভি. আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি, অতএব তাঁর মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চলার কথা। কিন্তু আচমকাই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। কিন্তু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের পেছনের প্রকৃত কারণ এই মুহূর্তে আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করলে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্দিষ্ট কোনও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যপালের ওপর কোনও চাপ সৃষ্টি করা হয়ে থাকলে আমি অবাক হব না।”
অমিক শাহ-র সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নতুন রাজ্যপাল কে হতে চলেছেন তাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে এইমাত্র জানালেন যে, শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রচলিত রীতি অনুযায়ী তিনি কখনওই আমার সঙ্গে কোনও আলোচনা বা পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত হানে। কেন্দ্রের উচিত ‘সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’র নীতিগুলোকে সম্মান জানানো এবং এমন কোনও একতরফা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা যা গণতান্ত্রিক রীতিনীতি ও রাজ্যের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে।”
