
শহর কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবার সেখানেই বোমাতঙ্ক! ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এই ঘটনার জেরে তড়িঘড়ি হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের বম্ব স্কোয়াড।
হুমকি ইমেল পাওয়ার পরেই পুলিশি তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে ভিক্টোরিয়া চত্বরের নির্দিষ্ট অংশ খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি। পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা কড়া নজরদারিতে রাখা হয়েছে।
গত এক সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে একাধিকবার একই ধরনের হুমকি ইমেল আসার ঘটনা ঘটেছে। এর আগে নগর দায়রা আদালতেও বিস্ফোরণের হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছিল। রুবি সংলগ্ন পাসপোর্ট অফিস এবং বিভিন্ন জেলার পোস্ট অফিসে থাকা পাসপোর্ট শাখায় আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই ইমেলগুলোর উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত আসা প্রতিটি হুমকিই শেষ পর্যন্ত ভুয়ো বলে প্রমাণিত হয়েছে, তবুও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ।
সম্প্রতি গুজরাটের বিভিন্ন জায়গায় বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দারা মনে করছেন, এই চক্রের সঙ্গে সাম্প্রতিক ইমেলগুলোর কোনও যোগসূত্র থাকতে পারে। তবে বারবার এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং জনমনে উদ্বেগ বাড়ছে।
গতবছর কলকাতা মিউজিয়ামেও বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এবার ভিক্টোরিয়ার মতো গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইটে এই ধরনের হুমকিবার্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ইমেলটি কোথা থেকে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা।
