
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির। এবার তার প্রভাব পড়ল সাধারণ মানুষের হেঁশেলে। শনিবার থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৬০ টাকা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, ৭ মার্চ থেকে নতুন এই বর্ধিত দর কার্যকর হয়েছে। এর ফলে কলকাতার ১৪.২ কেজির একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা।
বড় শহরগুলোতে বর্তমান বাজার দর নিম্নরূপ-
শহর নতুন দাম (প্রতি সিলিন্ডার)
কলকাতা ৯৩৯ টাকা
দিল্লি ৯১৩ টাকা
মুম্বাই ৯১২.৫০ টাকা
চেন্নাই ৯২৮.৫০ টাকা
তবে সাধারণ গ্রাহকদের পকেটে টান পড়লেও স্বস্তিতে রয়েছেন ‘উজ্জ্বলা’প্রকল্পের সুবিধাভোগীরা। দেশের প্রায় ১০ কোটিরও বেশি দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ এই সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১১ মাস পর এটিই দ্বিতীয় দফার বড় মূল্যবৃদ্ধি। এর আগে চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম ১১৪.৫০ টাকা বাড়ানো হয়েছিল। যার বর্তমান বাজার দর দিল্লিতে ১,৮৮৩ টাকা। হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের জ্বালানির এই মূল্যবৃদ্ধির ধাক্কায় নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
