
শনিবার থেকেই যুবসাথীর টাকা ঢুকবে অক্যাউন্টে! ধর্মতলার মেট্রো চ্যানেলে আয়োজিত ধর্না মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব চলতি অর্থ বর্ষের জন্য রাজ্য বাজেটে ঘোষিত হওয়া যুবসাথী প্রকল্পের টাকা চলতি মাস থেকেই প্রাপকদের কাছে পৌঁছবে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছিল, যেমন- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যাঁরা ইতিপূর্বেই রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। প্রাথমিকভাবে আগামী ৫ বছর প্রতি মাসে এই টাকা দেওয়া হবে। ৫ বছর পর আবেদনকারী যদি তখনও কর্মসংস্থান না পান, তবে পুনরায় পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আগে এই সুবিধা এপ্রিল মাস থেকে দেওয়ার কথা থাকলেও, শনিবার থেকেই তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এদিন ধরনা মঞ্চ থেকে রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ১৪.২ কেজির সিলিন্ডার পিছু দাম ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় কলকাতায় গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের কালো শাড়ি পরে এবং হাতে হাতা-খুন্তি নিয়ে মিছিলে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিন গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নয়া সময়সীমা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। সরকারি নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে একটি সিলিন্ডার পাওয়ার ২১ দিন না হওয়া পর্যন্ত দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। আগে এই সময়সীমা ছিল ১৫ দিন। জ্বালানির দাম বৃদ্ধি এবং বুকিংয়ের এই কড়াকড়ি, উভয় ইস্যুতেই রাজ্য সরকার তাদের প্রতিবাদ জারি রাখবে বলে জানানো হয়েছে।
