
টলিউডের পরিচিত মুখ অভিনেতা তমাল রায়চৌধুরী আর নেই। সোমবার ভোরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায় এবং থিয়েটার মহলে।
অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক মাধ্যমে প্রথম এই দুঃসংবাদটি জানান। তিনি জানান, তমাল রায়চৌধুরী একেবারেই সুস্থ ছিলেন এবং সাম্প্রতিক সময়েও বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এমনকি আর্টিস্টস ফোরামের নির্বাচনের দিনও তিনি উপস্থিত ছিলেন এবং সবার সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা ও গল্প করেছিলেন।
দেবদূত ঘোষ জানান, সোমবার সকালে তমাল রায়চৌধুরীর বাড়িতে কর্মরত এক ব্যক্তি তাঁকে ঘরে অস্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখেন। পরে বোঝা যায়, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভোর প্রায় চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে।
থিয়েটার থেকেই অভিনয়ের জগতে তাঁর যাত্রা শুরু। পরবর্তীতে বাংলা চলচ্চিত্রেও তিনি নিয়মিত কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন পার্শ্বচরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত ছিল। সরকারি চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন তিনি।
তমাল রায়চৌধুরীর মৃত্যুর খবরে সহকর্মী ও শিল্পীমহলে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে কয়েকজন শিল্পী তাঁর বাড়িতে পৌঁছবেন বলে জানা গিয়েছে। আত্মীয়স্বজনদের উপস্থিতির পর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
সহঅভিনেতাদের মতে, তমাল রায়চৌধুরী ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও আড্ডাপ্রিয় মানুষ। তাঁর এই আকস্মিক প্রয়াণে টলিপাড়ার অনেকেই মনে করছেন, যেন শিল্পীমহল একজন অভিভাবককে হারাল।
