
Jazzbaat 24 Bangla: রবিবার বঙ্গ সফরে আসার পর থেকে পর পর বিক্ষোভের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার। কখনও রাজনৈতিক দলের সামনে তো কখনও সাধারণ মানুষের কাছে। এবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মসূচী অনুযায়ী সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক শেষের পর একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্যকে ‘ডোন্ট শাউট’ বলেছেন কমিশনার। চন্দ্রিমা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মহিলাদের ওপর চেঁচানো, আপনি দেখে নেবেন এরপর।”
তিনি বলেন, কমিশন মহিলাদের সম্মান করতে জানে না। তাঁর কথায়, “আমি একজন মহিলা, আমাকে বলছেন ‘ডোন্ট শাউট’। এর মানেই বোঝা যাচ্ছে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই। তার জন্যই মহিলাদের নাম কেটে দিচ্ছেন এখানে। …মহিলাদের ওপর চেঁচানো, আপনি দেখে নেবেন এরপর।”
সোমবার রাজারহাটের ওয়েস্টিনে আয়োজিত সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন কমিশনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন তৃণমূলের তিন জন প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিমসহ প্রাক্তন IPS অফিসার রাজীব কুমার। কিন্তু বৈঠক থেকে বেরিয়ে একগুচ্ছ অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।
