
ভোটার তালিকা বৈধ ভোটারদের থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে গত শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই অবস্থান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে ইতিবাচক পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তিনি। আর তার জেরেই এই সিদ্ধান্ত নিলেয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন ধর্মতলার ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, শীর্ষ আদালতের পর্যবেক্ষণে আপাতত বড় জয় মিলেছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে।” এই পর্যবেক্ষণে আস্থা রেখেই মঙ্গলবার সন্ধ্যায় ধরনা প্রত্যাহারের ঘোষণা করেন।
ধরনা মঞ্চ ছাড়ার পর মুখ্যমন্ত্রী বিদায়ী রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে খবর। উল্লেখ্য, গত ৬ মার্চ থেকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়ে ধর্মতলায় অবস্থান শুরু করেছিলেন তিনি।
