
ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হচ্ছে। ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচের সময় সৌরভকে মঞ্চে তুলে নেয়া হবে। সৌরভ ছোটবেলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় সমর্থক। লন্ডনে গেলে ক্রিকেটের পাশাপাশি গ্যালারিতে ম্যানচেস্টারের খেলা দেখতেন তিনি।
সৌরভ জানান, “ম্যানচেস্টারের পক্ষ থেকে অনেক দিন ধরেই আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশ্বকাপ চলায় আগে সময় পাইনি। এবার যাচ্ছি। তারা জানিয়েছে, আমাকে বিশেষভাবে সম্মানিত করা হবে।”
প্রসঙ্গত, সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় চেলসির বড় ভক্ত। তবে ১৫ মার্চের ম্যাচে তিনি বাবার সঙ্গে গ্যালারিতে থাকতে পারেন। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে অবস্থান করছে। একই পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকলেও আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির কঠিন প্রতিযোগিতার কারণে সম্ভাবনা কম।
ইংল্যান্ড যাওয়ার আগে মঙ্গলবার বিকেলে সৌরভ কলকাতার শতাব্দী প্রাচীন হাওড়া ইউনিয়ন ক্লাব-এর বিশেষ তথ্যচিত্র এবং ‘কফি টেবল বুক’–এর উদ্বোধন করেন। তিনি বলেন, “হাওড়া ইউনিয়ন ক্লাবের কর্ণধার ইন্দ্রনাথ দে–এর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক বহু পুরনো। তিনি নেই, তবে তাঁর আদর্শ এখনো ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল এবং হকিতে এই ক্লাবের অবদান অতুলনীয়।”
সৌরভের এই ইংল্যান্ড সফর ১১ মার্চ শুরু হচ্ছে এবং তিনি ২০ মার্চের পর কলকাতায় ফিরবেন। ম্যানচেস্টারের পক্ষ থেকে এই বিশেষ সম্মান সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ফুটবল ও তার প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসার প্রতিফলন।
এই সফর শুধু সৌরভের জন্য নয়, ভারতীয় ফ্যানদের জন্যও আনন্দের কারণ। ফ্যানদের উত্তেজনা বাড়াচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে সম্মান জানানো হবে, যা তার কেরিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে ইতিহাসে থাকবে।
