
প্রয়াগরাজের কুম্ভমেলার ধুলোভরা মাটিতে মালা বিক্রি করা এক সাধারণ মেয়ের চোখের জাদু মুহূর্তেই কেড়ে নিয়েছিল গোটা দেশের নজর। সেই মেয়েই আজ আলোচনার কেন্দ্রে। মোনালিসা ভোঁসলের জীবন যেন সিনেমার গল্পের মতোই তবে সেই গল্পেই এবার এসেছে বড় মোড়। তিরুবনন্তপুরমে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই সমাজমাধ্যমে পরিচিত বন্ধু ফরমান খানের সঙ্গে বিয়ে সারলেন তিনি। আর সেই বিয়েকেই ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
মোনালিসাকে ঘিরে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে তাঁর প্রথম ছবির পরিচালক সনোজ মিশ্রর বক্তব্যে। তাঁর দাবি, মোনালিসার এই বিয়ে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর পিছনে রয়েছে বড় ষড়যন্ত্র। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “মোনালিসাকে আমি গঙ্গার মতো পবিত্র মনে করতাম। ওর জন্যই নিজের সব কিছু বাজি রেখেছিলাম। কিন্তু আজ সে অন্য পথ বেছে নেওয়ায় আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”
পরিচালকের কথায়, কুম্ভমেলায় মালা বিক্রি করা অবস্থায় প্রথম দেখেই তিনি মোনালিসার প্রতিভা বুঝতে পেরেছিলেন। সেই সময় থেকেই তাঁকে নায়িকা বানানোর স্বপ্ন দেখেন। শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি, নিজের বাড়িতে রেখে তাঁর পড়াশোনা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ সব দায়িত্বই নিয়েছিলেন তিনি। এমনকি ‘দ্য ডায়রি অফ মণিপুর’ ছবিটি তৈরি করার জন্য প্রায় ১০ কোটি টাকা ঋণ পর্যন্ত নিয়েছিলেন বলে দাবি করেছেন সনোজ।
কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন মোনালিসার সঙ্গে পরিচয় হয় ফরমান খানের। পরিচালকের অভিযোগ, এই সম্পর্কের পেছনে রয়েছে পরিকল্পিত ফাঁদ। তাঁর দাবি, ফরমান শুধুমাত্র টাকার লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন। এমনকি অতীতে তাঁর বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং যার কারণে তাঁকে জেলও খাটতে হয়েছিল, তার পিছনেও ফরমানের গোষ্ঠীর হাত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগের কোনও সরকারি প্রমাণ এখনও সামনে আসেনি।
অন্যদিকে, মোনালিসা নিজের সিদ্ধান্তে অটল। পরিবারের তরফে বাধা এবং হুমকির অভিযোগ তুলে তিনি আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ পুলিশের হস্তক্ষেপেই আইনি জট কাটিয়ে ফরমান খানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
এই ঘটনাকে ঘিরে এখন দুই মেরুর বিতর্ক। একদিকে একজন তরুণীর নিজের পছন্দের মানুষের সঙ্গে জীবন কাটানোর অধিকার, অন্যদিকে একজন পরিচালকের দাবি তাঁর সমস্ত ত্যাগ এবং অর্থ বিনিয়োগ নষ্ট হয়ে গেল এক সিদ্ধান্তে। ব্যক্তিগত সম্পর্কের এই গল্প তাই এখন সামাজিক ও আইনি বিতর্কের রূপ নিয়েছে।
মোনালিসার বিয়ে শেষ পর্যন্ত তাঁর ক্যারিয়ারের জন্য নতুন অধ্যায় খুলবে, নাকি আরও বিতর্কের জন্ম দেবে এখন সেদিকেই তাকিয়ে গোটা বিনোদন জগত।
