
কংগ্রেস কর্মীকে মারধর করেছে তৃণমূল প্রার্থী! এমনই অভিযোগ উঠেছে বহরমপুরে। মঙ্গলবার রাত্রে বহরমপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কংগ্রেস। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী আক্রান্ত জিতেন সাহাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ মেডিকেল হাসপাতালে দেখতে যান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরী।
ঘটনার সময় কংগ্রেস কর্মী জিতেন সাহা তাঁর বাড়ির কাছে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, সেখানেই আক্রান্ত হন। অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি। আক্রান্ত জিতেন সাহাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস এখানে ভয় পেয়েছে। তারা এই নির্বাচনের জিততে পারবে না ভেবে এই ধরনের আক্রমণ করেছে। এই ভাবে আমাদের কর্মীর ওপর আক্রমণ হলে উত্তরবঙ্গসহ সারা রাজ্যে আমরা বনধ ডাকবো।
উল্টো দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি বলেন, আমি যখন ভোট প্রচার করছিলাম তখন ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী জিতেন সাহা আমাকে গালাগালি করছিল ও আমাকে মারধরের চক্রান্ত করছিল। আমরা ইতিমধ্যে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই জিতেন সাহা অধীর চৌধুরীর মার্ডার সিন্ডিকেটের লোক। এর নামে একাধিক মামলা রয়েছে।
