
লোকসভা নির্বাচনের মুখে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা। আসানসোলের চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের তৎপরতায় মাত্র ৮-১০ ঘণ্টার ব্যবধানে দু’টি পৃথক অভিযানে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনার জেরে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে ঝাড়খণ্ড থেকে বাংলার দিকে আসা একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথম দফায় ৪ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সকাল ১০টা নাগাদ একই সীমানা এলাকায় অন্য একটি চার চাকার গাড়ি থেকে পুনরায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেন আধিকারিকরা।
আসানসোলের এই এলাকাটি মূলত পুরুলিয়া ও ঝাড়খণ্ডের সংযোগকারী পয়েন্ট হিসেবে পরিচিত। নির্বাচনের প্রাক্কালে ঝাড়খণ্ড থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা কেন এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই সীমানাবর্তী এলাকায় পুলিশের বিশেষ অভিযান জারি রয়েছে। এর আগে আসানসোল উত্তর থানার পুলিশ ঝাড়খণ্ড থেকে আসা তিনটি যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণ মোবাইল ফোন, গাঁজা, অবৈধ ওষুধ উদ্ধার করেছিল। পরপর হওয়া এই ঘটনায় পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
