
বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক মঞ্চ। এবার হাবড়ার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবার দিকেই কার্যত আঙুল তুললেন তিনি, আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
তিনবারের বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর আবারও নির্বাচনী ময়দানে সক্রিয় হয়েছেন, এবার হাবড়া কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন। আর সেই প্রচার মঞ্চেই তাঁর কড়া ভাষার হুঁশিয়ারি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক একটি ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদ পড়েছে। তাঁর অভিযোগ, এর পেছনে পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তিনি বলেন, “নির্বাচন কমিশন দিল্লি থেকে শুরু করে রাজ্যের ইলেক্টোরাল অফিসার অনেকে এতে যুক্ত। হাবড়ার বিডিও এবং থানার আইসি-ও এই নাম কাটার দায়িত্ব নিয়েছেন।”
এরপরই তাঁর কড়া বার্তা “সময় আসলে ঠারে ঠারে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।” এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, জ্যোতিপ্রিয়র গলায় স্পষ্ট হুমকির সুর ছিল।
এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধী প্রার্থী দেবদাস মণ্ডল কটাক্ষ করে বলেন, “উনি যা বলছেন, তাতে মনে হচ্ছে উনি মানসিকভাবে চাপে আছেন। হারের ভয় থেকেই এমন মন্তব্য করছেন। সরকারি কর্মীরা তাঁদের দায়িত্ব জানেন, তাঁদের ভয় দেখিয়ে লাভ নেই।”
উল্লেখ্য, ২০২৩ সালে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান। এরপরই আবার তাঁকে প্রার্থী করা হয়েছে, যা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা ছিল।
সব মিলিয়ে, ভোটের আগে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াল হাবড়ার রাজনীতিতে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই রাজনৈতিক ভাষণ, নাকি এর প্রভাব পড়বে প্রশাসনিক নিরপেক্ষতার উপর? এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
