
বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বাড়ল। এসআইআর তালিকায় নাম না থাকায় এবার আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থীর আইনজীবী। তবে শুনানির শুরুতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই ধরনের মামলার নিষ্পত্তি করবে একমাত্র সুপ্রিম কোর্ট।
মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখ-এর নাম এসআইআর তালিকায় না থাকায় তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ, প্রার্থী ঘোষণা হলেও ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। পাশাপাশি এখনও সংশ্লিষ্ট ট্রাইবুনাল কাজ শুরু করতে পারেনি বলেও জানানো হয়। ফলে দ্রুত আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানান, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনেই রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও হাইকোর্ট এই ধরনের মামলা শুনানি করতে পারবে না। কলকাতা হাইকোর্ট কেবলমাত্র প্রশাসনিক তদারকির ভূমিকা পালন করছে।
ফলে আবেদনকারীকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন মহতাব শেখ।
উল্লেখ্য, এসআইআর তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী যেমন কাজল শেখ ও শশী পাঁজা প্রথমে তালিকায় বিবেচনাধীন থাকলেও পরবর্তী তালিকায় তাঁদের নাম উঠে আসে। তবে এখনও বেশ কয়েকজন প্রার্থীর নাম ঝুলে রয়েছে।
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে কিছু নির্দিষ্ট এলাকার ভোটারদের নাম যাচাইয়ের নামে আটকে রাখছে। তাঁর দাবি, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
ভোটের আগে এসআইআর তালিকা ইস্যু এখন বড় আইনি ও রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এই জট কবে কাটবে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা।
