
লাহোর: পাকিস্তান সুপার লিগে (PSL 2026) এক রুদ্ধশ্বাস ম্যাচ হঠাৎই মোড় নিল বড় বিতর্কে। Pakistan Super League-এর লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচে লাইভ ক্যামেরায় ধরা পড়ল বল বিকৃতির অভিযোগ, যা ঘিরে এখন তোলপাড় ক্রিকেট মহল।
ঘটনাটি ম্যাচের একেবারে শেষ ওভারের আগে। জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। সেই সময় শাহিন আফ্রিদি, ফখর জামান এবং হ্যারিস রউফ-কে বল হাতে কিছু করতে দেখা যায়। সাধারণ আলোচনার মতো মনে হলেও, বল নাড়াচাড়ার ধরন দেখে সন্দেহ তৈরি হয়। বিষয়টি নজরে আসে আম্পায়ার ফয়সাল আফ্রিদি-র, যিনি সঙ্গে সঙ্গে বল পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
এরপর অন্য আম্পায়ার শরফুদ্দৌলা-র সঙ্গে আলোচনা করে জানানো হয় বল ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সঙ্গে সঙ্গেই করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং নতুন বল ব্যবহার করা হয়। এই সিদ্ধান্তেই ম্যাচের সমীকরণ এক ধাক্কায় বদলে যায়।
এই অতিরিক্ত ৫ রান ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। ১৪ রানের জায়গায় লক্ষ্য নেমে আসে ৯-এ, আর শেষ পর্যন্ত করাচি কিংস ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ জয়ের নায়ক হন আব্বাস আফ্রিদি, যিনি শেষ মুহূর্তে চার-ছক্কায় খেলা শেষ করেন।
এদিকে, এই ঘটনায় মূল অভিযুক্ত করা হয়েছে ফখর জামানকে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচ রেফারি রোশন মহানামা-র সামনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফখর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবার শুনানি হতে পারে, যেখানে দোষ প্রমাণিত হলে এক ম্যাচ নির্বাসনের সম্ভাবনাও রয়েছে।
ম্যাচের পর রামিজ রাজা প্রশ্ন তুললে শাহিন আফ্রিদি সরাসরি কিছু বলতে পারেননি। তাঁর জবাব, “ভিডিও দেখে বুঝতে হবে কী হয়েছে” আরও জল্পনা বাড়িয়েছে।
তবে বড় প্রশ্ন উঠছে, ভিডিয়োতে একাধিক খেলোয়াড় বল ধরলেও কেন শুধু ফখরকেই অভিযুক্ত করা হচ্ছে? এই নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক তুঙ্গে।
সব মিলিয়ে, তদন্তের ফল যাই হোক না কেন, PSL-এ নতুন করে বল বিকৃতির কলঙ্ক যুক্ত হল বলেই মনে করছেন অনেকে। এখন সবার নজর চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
